টেকনাফ-কক্সবাজার মহাসড়কে দিনদুপুরে যাত্রীবাহী বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে লুট হওয়া টাকা উদ্ধার হয়নি এখনো।
বুধবার (৫ আগস্ট) উপজেলার হ্নীলার লেদা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আকতার হোসেন ও নজরুল ইসলাম।
গত ২ আগস্ট দমদমিয়া এলাকার ১৪ নম্বর সেতুর কাছে পালকি পরিবহনের একটি বাসের গতিরোধ করে ৭-৮ জনের সশস্ত্র দল। দিনদুপুরে সড়কে গাছের গুঁড়ি ও পেরেকযুক্ত কাঠ ফেলে বাস থামিয়ে তারা বিকাশের দুই বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ৫৭ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং বাধা দিলে ছুরিকাঘাত ও মারধর করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি পরিকল্পিত ছিল। বাসটিকে অনুসরণ করা বোরকা পরা এক নারীর ভূমিকা, বাসের চালক-সহকারী বা কোনো যাত্রীর সম্পৃক্ততা ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। লুট হওয়া টাকা উদ্ধার এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/পিআর














