চট্টগ্রামে রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নে নিরব হাসান ইমন (২৪) নামে এক যুবকের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে কিশোরীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের বাবা জহির আহমদ।
মঙ্গলবার (৪ আগস্ট) রাঙ্গুনিয়া মডেল থানায় এই মামলাটি দায়ের করেন নিহতের বাবা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (৩ আগস্ট) নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইমন। এর আগে গত ১৫ জুলাই এক কিশোরী ইমনের বিরুদ্ধে একটি ইভটিজিংয়ের অভিযোগ করেন রাঙ্গুনিয়া মডেল থানায় । সেই অভিযোগের ভিত্তিতে ইমন পুলিশি তত্ত্বাবধানে একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন, যেখানে তিনি প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে ওই কিশোরীকে কোনো ধরনের বিরক্ত করবেন না।
এই ঘটনার পর, ইমনের আত্মহত্যার ২০ মিনিট আগে তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয়, যেখানে তিনি তার মৃত্যুর জন্য কিশোরীর পরিবার ও স্থানীয় স্কুল কমিটির সভাপতিকে দায়ী করেন। তবে ফেসবুক পোস্টের সত্যতা ও এর আইনগত গ্রহণযোগ্যতা এখনো তদন্তাধীন।
অভিযুক্তরা হলেন- মায়শা আকতার (১৪), নুরুল আজিম তালুকদার, মো. শহীদুল্লাহ, রাশেদ উল্লাহ ও মো. শিবলু। তার একই এলাকা পোমরা সাম তালুকদার বাড়ির বাসিন্দা।
এদের মধ্যে মোহাম্মদ আজিম তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, সালিশ বৈঠক কিংবা থানার অভিযোগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। সামনে স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় রাজনৈতিকভাবে হয়রানি করতেই আমাকে মামলায় জড়ানো হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দীন জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে মঙ্গলবার (৪ আগস্ট) দাফন সম্পন্ন হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
পূর্বকোণ/রাকিব/পারভেজ















