চট্টগ্রাম বুধবার, ০৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৬

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৬

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৫ আগস্ট, ২০২৬ | ১০:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই নেতাসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (৫ আগস্ট) উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বন মামলার অভিযোগ রয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি ২০২৫-এর একটি নাশকতা মামলায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাছের উদ্দিন (৪৪) এবং পোমরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হোসেনকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নাছের উদ্দিন মরিয়মনগর ইউনিয়নের সওদাগর পাড়ার বাসিন্দা এবং তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। অন্যদিকে মো. হোসেন পোমরা ইউনিয়নের মাস্টার টিলা এলাকার বাসিন্দা।

 

পৃথক একটি অভিযানে মনোয়ারা বেগম (৫৫) নামের এক নারীকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

 

এছাড়া বন আইনে রুজু হওয়া পৃথক দুটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি মো. পারভেজ, নুরুল ইসলাম ও আবু বক্করকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়।

 

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতা, মাদক ও বন মামলায় গ্রেপ্তারকৃত এই ছয়জনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট