চট্টগ্রাম বুধবার, ০৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারের মেরিন ড্রাইভে দুই দফায় পাহাড়ধস

কক্সবাজারের মেরিন ড্রাইভে দুই দফায় পাহাড়ধস

কক্সবাজার সংবাদদাতা

৫ আগস্ট, ২০২৬ | ৭:৩৯ অপরাহ্ণ

কক্সবাজারে টানা ভারী বর্ষণে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় দুই দফায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে সড়কের ওপর কাদামাটির ভারী আস্তরণ জমে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভারী যন্ত্রপাতির সাহায্যে মাটি অপসারণ করলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

 

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টা এবং দুপুর ১২টার দিকে পৃথক দুই দফায় এ ভূমিধসের ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে টানা বর্ষণের ফলে দরিয়ানগর এলাকার পাহাড়ি মাটি নরম হয়ে যায়। বুধবার সকালে ও দুপুরে পাহাড়ের একাংশ ধসে সরাসরি মেরিন ড্রাইভ সড়কের ওপর পড়ে। মাটি ও কাদার কারণে সড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে সাময়িক জটলার সৃষ্টি হয়।

 

ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী গাড়িচালক বলেন, সকাল সাড়ে ১০টা ও দুপুর ১২টার দিকে হঠাৎ পাহাড়ের মাটি রাস্তায় ধসে পড়ে। গাড়ি নিয়ে একদম কাছাকাছি ছিলাম, অল্পের জন্য রক্ষা পেয়েছি। ধসের পরই সড়কে যান চলাচল থমকে যায়।

 

পাহাড়ধসের খবর পাওয়া মাত্রই বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম উদ্ধার কাজে নামে। সেনাসদস্যরা পে-লোডার (এক্সকাভেটর) দিয়ে দ্রুত সড়ক থেকে কাদামাটি সরিয়ে রাস্তা পরিষ্কার করেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা বা দীর্ঘ যানজট ছাড়াই অল্প সময়ের মধ্যে মেরিন ড্রাইভে গাড়ি চলাচল শুরু হয়।

 

এদিকে কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট