কক্সবাজারের পেকুয়ায় মায়ের সঙ্গে অভিমান করে মো. হোসাইন তাজনুর (১৬) নামের এক কিশোর গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে শিলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সিমুরা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত তাজনুর ওই এলাকার আমির হোসাইন কালুর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক সামান্য বিষয় নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে তাজনুর নিজ শয়নকক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরে পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে ঘরের আড়ার (তীর) সাথে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহদী হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/পিআর















