কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনী ও র্যাব-১৫ যৌথ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ হাফেজ শফিক (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত যুবকের দেহ তল্লাশির সময় তাঁর পরিধানের লুঙ্গির ডান পাশে কোমরে বিশেষ কায়দায় লুকানো ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত হাফেজ শফিক উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/৬-এর বাসিন্দা ফারুক আহমেদের ছেলে। জিজ্ঞাসাবাদে শফিক অবৈধ অস্ত্র বহনের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
র্যাব এর সহকারী পরিচালক পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতসহ তাকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/রাকিব/পারভেজ















