বান্দরবানের রোয়াংছড়িতে পুকুরে ডুবে ডায়মন্ড পার বম নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) উপজেলার রোয়াংছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ সোয়ানলু পাড়া এলাকার পুকুরে বেলা ৩টার দিকে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত শিশুটি সোয়ানলু পাড়ার বাসিন্দা লাল রও পুই বমের ছোট মেয়ে। বিকাল ৩টার দিকে একই গ্রামের দুই সঙ্গীকে নিয়ে গোসল করতে পুকুরে নামলে পা পিছলে পড়ে গভীরে তলিয়ে যায়। পরে স্থানীয় জিনসাং থান বম সেখানে গোসল করতে গিয়ে তাদের সাথে দেখা হয়। তখন পুকুর পাড়ে থাকা দুই শিশু জানায়, তাদের দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন জিনসাং থান বম পুকুর পাড়ে মৃত ডায়মন্ড পার বমের জুতা দেখতে পেয়ে ধারণা করেন হয়তো পুকুরে পড়ে যেতে পারে। তিনি খোঁজাখুঁজি করে পানিতে দেখতে পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে রোয়াংছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রত্যয় ডায়মন্ড পার বমকে মৃত ঘোষণা করেন।
রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হুমায়ূন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোয়ানলু পাড়ার বাসিন্দা লাল রও পুই বমের ছোট মেয়ে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ















