চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত আব্দুল আলম পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর পাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
সোমবার (৩ আগস্ট) সকাল উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, জমিতে চাষ শেষে রাস্তায় উঠার সময় একটি দ্রুতগামী ট্রাক্টর আব্দুল আলমকে ধাক্কা দেয়। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, মরদেহটি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/পিআর
















