চট্টগ্রামের হাটহাজারীতে চাঞ্চল্যকর নূরুল আজিম হত্যার মামলার প্রধান আসামি মো. দিদারুল আলমকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজম হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজীজ গণমাধ্যমকে জানান, হত্যার সাথে জড়িত মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ঘটনার পর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। প্রযুক্তির ব্যবহার করে তার অবস্থান সনাক্ত করে তাকে পুলিশ ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। দিদারকে আজ সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে ওই মামলার দ্বিতীয় ও তৃতীয় আসামিকে ঘটনার দিনই উপজেলার গড়দুয়ারা এবং চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
প্রসঙ্গত, গত ১০ জুলাই হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফা পাড়া এলাকায় নূরুল আজিমকে বিলে মাছ ধরতে গেলে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি দিদারুল আলম পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
পূর্বকোণ/পিআর















