কক্সবাজারের টেকনাফ-কক্সবাজার সড়কে দিনদুপুরে গাছ ফেলে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বিকাশের এক বিক্রয় প্রতিনিধি গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন। এছাড়া ডাকাতদল মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান (এমএফএস) বিকাশের এক ব্যবসায়ীর কাছ থেকে ৬০ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে।
রবিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দমদমিয়াস্থ ১৪ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় কক্সবাজারগামী যাত্রীবাহি বাস থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতির শিকার যাত্রীরা জানান, সড়কে গাছের গুড়ি দিয়ে পথ আটকে ডাকাতি করা হয়। এসময় একরাম, সাকিব ও আরমান নামে বিকাশের তিন বিক্রয় প্রতিনিধিকে মারধর করে ৬০ লক্ষাধিক টাকা লুট করেছে। ডাকাতদের গুলি ও ছুরিকাঘাতে বিকাশের বিক্রয় প্রতিনিধি আরমান দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিকাশের বিক্রয় প্রতিনিধিরা জানান, বাসের চালককে গাড়ি চালিয়ে যেতে বললেও সে দাাঁড়িয়ে থাকেন। ডাকাতদের সাথে চালকের আঁতাত রয়েছে। আর না হলে দিনদুপুরে কেমনে এমন ঘটনা ঘটালো। গাড়ি চালিয়ে যাওয়ার সুযোগ থাকার পরও কেন সে কেন গাড়ি থামালো।
টেকনাফস্থ বিকাশের প্রতিনিধি ও তরুণ উদ্যোক্তা আব্দুল করিম জানান, পরিকল্পিতভাবে চালকের যোগসাজশে ডাকাতির মতো ঘটনা ঘটেছে। না হলে দিন দুপুরে এমন ন্যাক্কারজনক ঘটনা কেমনে ঘটলো? বিকাশের বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ৬০ লক্ষাধিক টাকা লুট করেছে ডাকাতরা। পাশাপাশি ডাকাত দলের গুলিতে একজন প্রতিনিধি গুলিবিদ্ধ ও অপর দুই জন প্রতিনিধি আহত হয়েছেন।
সড়কে দিনদুপুরে ডাকাতির ঘটনার বিষয়ে জানতে টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নুরুল আবছারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।
পূর্বকোণ/পিআর















