চট্টগ্রাম রবিবার, ০২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

মিরসরাইয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

মিরসরাই সংবাদদাতা

২ আগস্ট, ২০২৬ | ৪:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও ভারতীয় স্কপ সিরাপসহ দুই ‘সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকায় একটি বসতবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন—পূর্ব হিঙ্গুলী কদমতলা এলাকার বোরহান উদ্দিন (৩৪) এবং করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকার রহিম উল্লাহ রনি (৩৫)।

 

পুলিশ জানায়, অভিযানে বোরহান উদ্দিনের কাছ থেকে একটি কালো রঙের ৭.৬২ বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড তাজা গুলি, দুটি দেশীয় ছোরা, একটি ফোল্ডিং সুইচ গিয়ার এবং এক বোতল ভারতীয় তৈরি স্কপ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া রহিম উল্লাহ রনির কাছ থেকেও এক বোতল ভারতীয় তৈরি স্কপ সিরাপ জব্দ করা হয়।

 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার বোরহান উদ্দিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অভিযোগে জোরারগঞ্জ ও মিরসরাই থানায় ৯টি মামলা বিচারাধীন রয়েছে। অপরদিকে রহিম উল্লাহ রনির বিরুদ্ধে মাদক, চুরি ও অন্যান্য অভিযোগে জোরারগঞ্জ, রামু, লোহাগাড়া, পটিয়া, ছাগলনাইয়া ও সীতাকুণ্ড থানায় ৯টি মামলা বিচারাধীন রয়েছে।

 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এলাকায় সন্ত্রাস, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

 

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।’

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট