কক্সবাজারের টেকনাফে ডগ স্কোয়াড দিয়ে একটি বাসে তল্লাশি চালিয়ে ৪৫ লিটার চোলাই মদসহ চালক ও হেলপারকে আটক করেছে বিজিবি। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।
আটকরা হলেন- টেকনাফ কায়ুকখালীপাড়া মো. আফজালের ছেলে বাস চালক মো. রফিক (৩২) এবং টেকনাফ নতুন পল্লানপাড়া মো. কালু মিয়ার ছেলে বাস হেলপার মো. জুয়েল (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।
তিনি জানান, গতকাল শনিবার রাত ৯টায় দমদমিয়া চেকপোস্টে বিজিবি সদস্যরা কক্সবাজার হতে টেকনাফগামী পায়রা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডগ স্কোয়াড দিয়ে একটি বাসে তল্লাশি শুরু করে। ডগ স্কোয়াড মাদকদ্রব্যের উপস্থিতির বিষয়ে সংকেত দিলে বিজিবি সদস্যরা বাসটি তল্লাশি শুরু করে। তল্লাশি চালিয়ে চলকের আসনের নিচ থেকে এবং বাসের পিছন থেকে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত যাত্রীবাহী বাসটিও জব্দ করা হয়। বাসহ মাদকের আনুমানিক মূল্য ৩০ লাখ ১৩ হাজার ৫’শ টাকা। আটক আসামি এবং জব্দকৃত মাদক নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর
















