কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ বেড়িবাঁধ এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের ধারণা, মরদেহটি শুক্রবার মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ব্যক্তিদের একজনের হতে পারে।
শনিবার (১ আগস্ট) দুপুরে শাহপরীরদ্বীপ দক্ষিণপাড়া এলাকার বেড়িবাঁধের পাশে মরদেহটি আটকে থাকতে দেখা যায়।
শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি আবদুল গফুর জানান, দুপুরে বেড়িবাঁধ এলাকা দিয়ে যাওয়ার সময় তিনি তীব্র দুর্গন্ধ পান। এরপর তিনি পোশাকবিহীন একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনপ্রতিনিধিকে বিষয়টি জানান। তার মতে, এটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া কোনো রোহিঙ্গার মরদেহ হতে পারে।
খবর পেয়ে সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান টেকনাফ মডেল থানাকে বিষয়টি অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য সেটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য যে, গত ৩১ জুলাই শুক্রবার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় টেকনাফ উপকূলে রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার ডুবে যায়। ওই দুর্ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ১৪ জন নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত এই মরদেহটি সেই নিখোঁজ ব্যক্তিদেরই একজন হতে পারে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















