চট্টগ্রাম শনিবার, ০১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় গভীর রাতে দুই দোকান আগুনে ভস্মীভূত

রাঙ্গুনিয়ায় গভীর রাতে দুই দোকান আগুনে ভস্মীভূত

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১ আগস্ট, ২০২৬ | ৮:২৮ অপরাহ্ণ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ফার্নিচার ও চায়ের দোকান পুড়ে গেছে। এতে ফার্নিচার দোকানের অন্তত ৬ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।


‎শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আড়াইটায় উপজেলার ৭ নম্বর বেতাগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের স’মিল ঘাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতায় অল্প সময়েই দোকান দুটির ব্যাপক ক্ষতি হয়। আগুনের সূত্রপাত কি কারণে জানা যায়নি।


‎ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম জানান, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে তিনি ব্যবসাটি গড়ে তুলেছিলেন। পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় এই ক্ষতি তাকে চরম অনিশ্চয়তার মুখে ফেলেছে।


‎তিনি বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে ক্রেতাদের পাঁচটি খাট ও একটি আলমারি সরবরাহ করার কথা ছিল। অধিকাংশ আসবাব প্রস্তুতও ছিল। কিন্তু রাতের এই অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে গেছে। এখন ঋণ পরিশোধ এবং পরিবার চালানো নিয়ে দুশ্চিন্তায় আছি।”


‎অগ্নিকাণ্ডে পাশের চায়ের দোকানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে আগুন লাগায় দোকানের ভেতর থেকে কোনো মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাওয়া যায়নি।


‎এদিকে, ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীর পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, দ্রুত সহযোগিতা পেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন।


‎এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা অর্জুন বাড়ৈ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট যাওয়ার পূর্বে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট