চট্টগ্রামের পটিয়ায় নিজ বাড়ির গাছের কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা (৪৫)।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টায় উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে অভিযুক্ত পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে তোহার বাড়ির গাছ থেকে কলা চুরি হওয়াকে কেন্দ্র করে প্রতিবেশি এজাহার মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে- এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে বেধড়ক মারধর করে এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত এজাহার মিয়ার ছেলে আনোয়ার হোসেনকে (২৯) আটক করে পুলিশে সোপর্দ করে।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ বলেন, কলা চুরির প্রতিবাদ করায় তোহার ওপর হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/এএইচ
















