কক্সবাজারের ঈদগাঁওতে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল জব্দ করা হয়।
শুক্রবার (৩১ জুলাই) মহাসড়কের মেহেরঘোনা এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- টেকনাফের শীলবনিয়াপাড়ার মৃত ফয়েজ আহাম্মেদের ছেলে নজির আহাম্মেদ (৪৪) ও বরিশালের আগৈলঝাড়ার মৃত কিতাব আলি বখতিয়ারের ছেলে মো. রিয়াজুল বখতিয়ার (৪৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
তিনি জানান, মেহেরঘোনা এলাকায় একটি প্রাইভেটকার সন্দেহভাজন মনে হলে র্যাব সদস্যরা সেটিতে তল্লাশি চালান। একপর্যায়ে গাড়িতে থাকা দুটি ট্রলি ব্যাগ থেকে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামি নজির আহাম্মেদ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ঢাকার বংশাল, চট্টগ্রামের কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী, ফেনী সদর এবং টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ‘বিদেশি নাগরিক আইন’সহ মোট ৬টি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা ট্রলি ব্যাগে করে সাধারণ যাত্রীর বেশে কৌশল বদলে মাদকের চালানটি বহন করছিল।
জব্দ আলামত ও আটক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/নুসরাত/এএইচ















