চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা মাইজপাড়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ হোসেন (২৩) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। পারিবারিক অভাব দুর করতে অল্প বয়স থেকেই সংসারের হাল ধরেছিলেন সাজ্জাদ। কিন্তু অকালেই থামতে হলো ২৩ বছরের তরুণকে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর সাজ্জাদকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।
উল্লেখ্য, ৫ বছর বয়সে বাবাকে হারানো সাজ্জাদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে চরম শোক ও অনিশ্চয়তা। ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যুর খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে। ঘটনাটি দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে জানা গেছে।
পূর্বকোণ/আদর/পারভেজ
















