চট্টগ্রাম শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

১৮ মাস বয়সে গ্রান্ড মাস্টার !

খাগড়াছড়ির ক্ষুদে শিশুর বিস্ময়কর প্রাপ্তি

১৮ মাস বয়সে গ্রান্ড মাস্টার !

মো. জহুরুল আলম

৩১ জুলাই, ২০২৬ | ৪:০২ অপরাহ্ণ

খাগড়াছড়ির এক ক্ষুদে শিশুর বিস্ময়কর প্রাপ্তি, ১৮ মাস বয়সে অর্জন করেছে এশিয়া বুক অব রেকর্ডস, পেল গ্রান্ড মাস্টার স্বীকৃতি। পার্বত্য জেলা খাগড়াছড়ির সবুজ পাহাড়ে নির্মল প্রকৃতির জনপদে বেড়ে উঠা ছোট্ট শিশু শেহজাদ। বয়স মাত্র ১৮ মাস। কিন্তু এই অল্প বয়সেই ইংরেজিতে কথা বলে নিজের মেধা আর অসাধারণ জ্ঞানের স্বীকৃতি হিসেবে সাম্প্রতি অর্জন করেছে এই গ্রান্ড মাস্টার খেতাব।

 

যে বয়সে অধিকাংশ শিশু কেবল হাঁটতে আর কথা বলতে শেখে, সেই বয়সেই শেহজাদ বিন খলিলের এই অনন্য অর্জন অবাক করেছে পরিবার থেকে শুরু করে আশপাশের সবাইকে।বয়স যেখানে এখনও মায়ের কোল ছেড়ে পৃথিবীকে চিনতে শেখার, সেখানে শেহজাদের এই সাফল্য এনে দিয়েছে গর্ব, বিস্ময় আর নতুন সম্ভাবনার গল্প। শিশু শেহজাদের এমন স্বীকৃতিতে আনন্দিত বাবা-মা, পাশাপাশি খাগড়াছড়িবাসী গৌরব বোধ করছেন । জানা গেছে, শিশু শেহজাদের বাবা পেশায় একজন ফ্রিল্যান্সার। জেলা সদরের মাইনি ভ্যালি সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকেন। শেহজাদের এমন সাফল্যে আনন্দ আর গর্বে ভাসছেন বাবা-মা।

 

১৭ মাস বয়সে এশিয়ান বুক অব রেকর্ডসে অংশ নিতে সাতটি ভিডিও জমা দেন। তাদের বিশ্বাস, সঠিক পরিচর্যা আর সুযোগ পেলে পাহাড়ের এই ছোট্ট শিশুই একদিন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। শেহজাদের এমন অর্জনের পেছনের কথা জানালেন বাবা ইব্রাহিম খলিল।

 

তার মা তানিয়া বলেন, শেহজাদ অনবরত ইংরেজিতে কথা বলতে পাবে। তাকে ইংরেজি কোনো প্রশ্ন করলে সাথে সাথে সে সঠিকভাবে উত্তর দিতে পারে। তার এই অসাধারণ ভাষাগত দক্ষতা আর্ন্তজাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে চান তিনি। সামনে আরও ইংরেজি ভাষার দক্ষতার উপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোর পাশাপাশি স্বপ্ন দেখেন শেহজাদ ভবিষ্যতে

ইংরেজিতে পড়াশোনা করে দেশের জন্যে সম্মান বয়ে আনুক। শেহজাদের এই সাফল্য শুধু একটি পরিবারের আনন্দ নয়, এটি পাহাড়ি জনপদের প্রতিটি শিশুর স্বপ্ন দেখার সাহসও বাড়িয়ে দিয়েছে। তার এমন অর্জনের খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। কেউ কেউ শিশু শেহজাদকে দেখে ও কথা বলে আনন্দিত। সুযোগ আর পরিচর্যা পেলে পাহাড় থেকেও জন্ম নিতে পারে অসাধারণ সব প্রতিভা- বলছেন প্রতিবেশীরা।

 

ছোট্ট শেহজাদের হাসিমাখা মুখ যেন আজ নতুন করে মনে করিয়ে দেয় স্বপ্নের কোনো বয়স নেই, আর সম্ভাবনারও নেই কোনো সীমানা। মাত্র ১৮ মাস বয়সে এমন অনন্য স্বীকৃতি অর্জন করে শেহজাদ হয়ে উঠেছে পাহাড়ের গর্ব ও এক অনুপ্রেরণার নাম। ভবিষ্যতে এই ক্ষুদে প্রতিভা আরও বড় কোনো অর্জনে সাফল্য বয়ে নিয়ে আসবে এ প্রত্যাশা খাগড়াছড়িবাসীর।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট