কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলে একটি রোহিঙ্গাবাহী নৌকা ডুবে গেছে।
এ ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে। এছাড়া নৌকাটিতে থাকা মাঝি-মাল্লাসহ আরও ১৩ জন নিখোঁজ রয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টায় শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাট সাগর এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার ব্যক্তিদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়ার জেলে মো. ইসমাইল জানান, নৌকাটিতে ৩১ জন আরোহী ছিলেন। নৌকাডুবির পর স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করেন। তবে এখনও ১৩ জনের কোনো সন্ধান পাওয়া যায় নি। উদ্ধার ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু নেই।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মন্নান বলেন, সীমান্তের ওপারের সংঘাতময় পরিস্থিতির কারণে তারা বাংলাদেশে আসার চেষ্টা করছিল। নৌকাডুবির খবর পেয়ে স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করে। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, শাহপরীরদ্বীপ এলাকায় নৌকাডুবির ঘটনায় ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। তাদের পরিচয় এবং বাংলাদেশে আসার কারণ যাচাই করা হচ্ছে- তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
পূর্বকোণ/ইবনুর/এএইচ















