চট্টগ্রামের ফটিকছড়িতে জমিতে ধানের চারা রোপণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টায় উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিম নেত্রকোনা জেলার রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি জীবিকার তাগিদে ফটিকছড়িতে কৃষি শ্রমিকের কাজ করতে এসেছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মুস্তাকিমসহ তিন শ্রমিক লেলাং ইউনিয়নের সন্যাসীরহাট সংলগ্ন চেয়ারম্যান শাহীনের বাড়ির সামনের কৃষি জমিতে ধানের চারা রোপণ করতে নামেন। আগে থেকেই বিদ্যুতের একটি তার ছিঁড়ে জমির পানিতে পড়েছিল, যা শ্রমিকরা খেয়াল করেননি। কাজ করার একপর্যায়ে মুস্তাকিম ওই বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা অল্পের জন্য রক্ষা পান।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আজম বলেন, জমিতে বিদ্যুতের ছেঁড়া তার পড়েছিল। শ্রমিকরা তা না দেখে কাজ করতে নামলে এই দুর্ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পূর্বকোণ/এএইচ















