চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত স্বামী মোহাম্মদ রাসেলকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী মনিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ রাসেল পেশায় পিকআপচালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরকীয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাসেল ও তার স্ত্রী মনির মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বুধবার রাতে তারা একসঙ্গে ঘুমাতে যান। ভোরের দিকে রাসেল ঘুমন্ত অবস্থায় থাকাকালে তার হাত-পা বেঁধে দা দিয়ে পা ও পুরুষাঙ্গে এলোপাতাড়ি কোপ দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা প্রথমে রাসেলকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরিবার সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরকীয়ার জেরে পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রী স্বামীর শরীরের স্পর্শকাতর স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
পূর্বকোণ/সিজান















