কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে ‘বে-ওয়াচ রিসোর্ট’-এর লাগোয়া স্টাফ কোয়ার্টারের দেয়ালের পাশ থেকে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণ মো. আবদুল আজিজ (২৭) রিসোর্টটির গবাদিপশুর খামার তদারকির দায়িত্বে ছিলেন।
তিনি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকার রশিদ আহমেদের ছেলে।
বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী সায়কা ইয়াসমিন জানান, আবদুল আজিজ প্রায় এক বছর ধরে বে-ওয়াচ রিসোর্টে কর্মরত ছিলেন। তিনি মূলত রিসোর্ট সংলগ্ন স্টাফ কোয়ার্টারে গড়ে তোলা গরুর খামার তদারকি ও দেখাশোনার কাজে নিয়োজিত ছিলেন। রাতে খবর পেয়ে কোয়ার্টারের দেয়াল ঘেষে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বলেন, ‘একজন পরিশ্রমী কর্মজীবী যুবকের এভাবে রহস্যজনক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ঘটনাটি নিছক কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট করতে হবে।’
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। তিনি জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা হত্যাকাণ্ড জড়িত রয়েছে—তা নিশ্চিত হতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
পূর্বকোণ/সিজান















