চট্টগ্রামের চন্দনাইশে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মোরশেদ আলম (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বুধবার ২৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলার দোহাজারী রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহত মোরশেদ আলম সাতকানিয়া খাগরিয়ার শিক্ষক সিরাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় তার ২ পা ও ১ হাতের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রফিকুল হাসান প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, মোরশেদ আলম পরিবারের সদস্য স্ত্রী ও সন্তান এর সঙ্গে দোহাজারী রেলস্টেশন এলাকায় টিকটক ভিডিও তৈরি করছিলেন। এ সময় একটি রেলবাহী ট্রেন পিছন থেকে সামনের দিকে পুশিং করে যাচ্ছিল। ট্রেনটির ইঞ্জিন পেছনের দিকে থাকায় চালক বারবার হর্ন বাজিয়ে সতর্ক করার চেষ্টা করেছেন। তবে রেললাইনের ওপর পরিবারের সদস্যদের সঙ্গে টিকটক ভিডিও তৈরিতে ব্যস্ত থাকায় মোরশেদ আলম ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা ট্রেনের হর্ন খেয়াল করেননি। ট্রেনটি হর্ন বাজাতে বাজাতে একেবারে কাছে চলে এলেও তারা রেললাইন থেকে সরে না যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান।
ঘটনার বিস্তারিত ও আহত যুবকের বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নেচার উল্লাহ।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















