কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিমকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৯ জুলাই) র্যাব-১৫ মিডিয়া অফিসার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আসামি নুরুল হাকিম (৩৮) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রংগীখালী গ্রামের বাসিন্দা আমির হোসেনের ছেলে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মোচনী বাজার এলাকায় অভিযান চালিয়ে নুরুল হাকিমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি নুরুল হাকিম চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার মাদকদ্রব্য মামলার এজাহারনামীয় আসামি। ওই মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই সে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিল।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের লক্ষ্যে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















