কক্সবাজারের মহেশখালী শাপলাপুরে এক গৃহবধূকে ঘরের ভিতরে পিটিয়ে গলায় ফাঁস লাগিয়ে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ।
বুধবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা শাপলাপুরের মনিপুরে গৃহবধূর শ্বশুর বাড়িতে এই ঘটনা ঘটে।
জানাগেছে, সাফিয়াকে মারধর করার পর মারাত্মক জখম হলে প্রতিবেশিদের অনুরোধে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শাপলাপুর পল্লী চিকিৎসক উজ্বল চেম্বারে নেওয়া হয়। চিকিৎসক মৃত্যু নিশ্চিত করলে শ্বশুর বাড়ির লোকজন লাশ ফেলে পালিয়ে যায়। তাদের ধারনা মেয়েকে পরিকল্পিতাবে হত্যা করা হয়েছে এবং হত্যাকাণ্ড ধামাচাপা দিতে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
নিহত গৃহবধূর স্বজন তারেক জানান, আব্দুল হামিদের স্ত্রী, তার বাবার বাড়ি একই ইউনিয়নের মিটাছড়ি এলাকায়। তবে এটি পরিকল্পিত হত্যাকান্ড উল্লেখ করে হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
সংবাদ পেয়ে মহেশখালী থানার ওসি আব্দুস সোলতানের নেতৃত্বে পুলিশ বিকালে পল্লী চিকিৎসকের চেম্বার থেকে স্থানীয়দের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ঘটনাস্থলে স্বামী ও পরিবারের কাউকে পাওয়া যায়নি। তারা সবাই পলাতক রয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সোলতান জানান, সাফিয়া আক্তারের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















