চট্টগ্রাম বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সর্বশেষ:

উখিয়ায় ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণে শিশু উদ্ধার, চক্রের মূলহোতা গ্রেপ্তার

উখিয়ায় ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণে শিশু উদ্ধার, চক্রের মূলহোতা গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

২৯ জুলাই, ২০২৬ | ৮:২৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত পাঁচ বছরের শিশু রহমত আলীকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণ চক্রের মূলহোতা মোহাম্মদ জাকারিয়াকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে।

 

বুধবার (২৯ জুলাই) ভোরে উখিয়ার কুতুপালং ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, ডাকাত চক্রের কাছে ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করে পরিবার।

 

বিকেল সাড়ে তিনটায় কক্সবাজার জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জাহিদুর রহমান।

 

পুলিশ ও অপহৃত শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত ২২ জুলাই উখিয়ার কুতুপালং ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. জুনায়েদ ও পারমিন আরা দম্পতির ৫ বছরের শিশু সন্তান রহমত আলী নিখোঁজ হয়। পরে একটি সঙ্গবদ্ধ অপহরণ চক্র শিশুটিকে হত্যার ভয় দেখিয়ে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে এবং পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

 

আতঙ্কিত হয়ে শিশুটির পরিবার প্রথমে বিষয়টি পুলিশকে না জানিয়ে কুতুপালং বাজারের বিভিন্ন মোবাইল ব্যাংকিং (নগদ) নম্বরের মাধ্যমে ৩ লাখ ২০ হাজার টাকা পাঠায়। মুক্তিপণের টাকা পাওয়ার পর অপহরণকারীরা শিশুটিকে ছেড়ে দেয়।

 

ঘটনার পর পুলিশ তদন্তে নেমে অপহরণ চক্রের অবস্থান শনাক্ত করে। আজ ভোরে কুতুপালং ক্যাম্পে অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূলহোতা জাকারিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জেলা পুলিশ।

 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জাহিদুর রহমান জানান, উদ্ধার হওয়া শিশু রহমত আলীকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তার আসামি জাকারিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই অপহরণ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দলের অভিযান অব্যাহত রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট