চট্টগ্রাম বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বোয়ালখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, মা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

২৯ জুলাই, ২০২৬ | ১১:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে ছেলেকে হত্যার অভিযোগে মাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল আসামি পলাতক রয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে দেবরকে প্রধান আসামি করে এ হত্যা মামলা দায়ের করেন।

এর আগে বিকেলে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ হারান মুদি দোকানদার মো. নেজাম উদ্দিন (৩৮)।

তিনি উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরার ঘোষখীল গ্রামের আছাদ তালুকদার বাড়ির মৃত আবদুল হালিমের বড় ছেলে।

পুলিশ নেজামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের স্ত্রী মোছাম্মৎ পারিয়া তানহা মাইমা বাদী হয়ে দেবর মো. জামাল উদ্দিন সুমন (৩৬), শাশুড়ি হালিমা বেগম (৭০) ও জামালের স্ত্রী সানজিদা আকতার পপিকে(২৬) আসামী করে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এজাহার নামীয় দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি জামালকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/পূজন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট