চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ বোঝাই লরিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগীরা।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার দিকে চট্টগ্রাম বন্দর থেকে স্ক্র্যাপ লোহা নিয়ে আসা একটি লরি উপজেলাধীন মহাসড়কে সলিমপুর কালুশাহনগর এলাকা অতিক্রম করার সময় রেলওয়ে ওভারব্রিজের উপর হটাৎ আগুন ধরে যায়। আগুনে ইঞ্জিন ও যন্ত্রাংশসহ বেশ কিছু স্ক্র্যাপ লোহা পুড়ে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গাড়ি ও স্ক্র্যাপগুলো সীতাকুণ্ডে শীতলপুরের আবুল খায়ের স্টিল মিলে যাচ্ছিল।
বিষয়টি নিশ্চিত করেন আবুল খায়ের স্টিল মিলের ইনচার্জ ও এইচআর (এডমিন) মো. ইমরুল কাদের ভূঁইয়া। তিনি বলেন, বন্দর থেকে স্ক্র্যাপ লোহা নিয়ে কারখানায় আসার পথে গাড়িতে আগুন লেগে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলা ট্রাফিক ইন্সপেক্টর রফিক আহমেদ মজুমদার বলেন, সন্ধ্যায় গাড়িটি ব্রিজের উপরে আসলে তাতে আগুন ধরে যায়। তবে তাতে কোন যানজট হয়নি।
বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আলম বলেন, ফায়ার সার্ভিস জানিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিলো। তবে অল্প সময়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। ক্ষয়ক্ষতির পরিমান তাদের জানা নেই।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ















