লোহাগাড়ায় চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকায় উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত প্রশাসক মাহবুবের রহমান শামীম।
এ সময় তিনি বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ ও বিএনপি সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে এবং তাদের পুনর্বাসন কাজ করে যাচ্ছে। কোন এলাকায় কী ধরনের ক্ষতি হয়েছে, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে পুনর্বাসনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সম্প্রতি জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নেওয়ার পরপরই বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন উল্লেখ করে শামীম বলেন, বন্যায় অসংখ্য মানুষ ঘরবাড়ি, কৃষিজমি, ফসল, গবাদিপশু, হাঁস-মুরগির খামার এবং মাছের ঘের হারিয়েছেন। এসব ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী,সদস্য নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক শাব্বির আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ















