চট্টগ্রামের বোয়ালখালীতে জায়গা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। তিনি উপজেলার লালার হাট বাজারের মুদির দোকানদার।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, আজ বিকেলে জমির বিরোধকে কেন্দ্র করে মো. নেজামের সাথে তর্কবিতর্ক লাগে তার ছোট ভাই মো. সুমনের। এর একপর্যায়ে মাথায় আঘাত করলে নেজাম মাটিতে লুটিয়ে। এরপর সুমন পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত বলেন, নেজাম নামের এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে হাসপাতালে মৃত আনা হয়েছিলো। তার মাথার পেছনে গভীর ক্ষত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। হাসপাতাল থেকে নেজামের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ















