চার বছরের বৈবাহিক সম্পর্কের আনুষ্ঠানিক বিচ্ছেদ শেষে আদালত থেকে দেনমোহর ও খোরপোষের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন রুবিনা আক্তার (৪০)। কিন্তু সেই কাঙ্ক্ষিত বিচ্ছেদের স্বস্তি নিয়ে আর ঘরে ফেরা হলো না তার। ঘাতক কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ কেড়ে নিয়েছে তার ও সঙ্গে থাকা বড় বোন শাহীনা আক্তারের (৪২) প্রাণ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের চার বছরের সংসার পারিবারিক কলহের কারণে ভেঙে যায়। বাধ্য হয়ে তিনি আদালতের মাধ্যমে বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু করেন। সোমবার কক্সবাজার পারিবারিক আদালতে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হয়।
আদালতের কার্যক্রম শেষে খোরপোষের শেষ কিস্তির প্রায় ১৫ হাজার টাকা বুঝে নিয়ে বড় বোন শাহীনা আক্তারকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে বাড়ির উদ্দেশে রওনা হন রুবিনা। পথিমধ্যে অটোরিকশাটি খুনিয়াপালং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘প্রাণ’ কোম্পানির স্টিকারযুক্ত একটি কাভার্ডভ্যানের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক পুরুষ যাত্রী প্রাণ হারান। আশঙ্কাজনক অবস্থায় দুই বোনসহ আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রুবিনা ও শাহীনার মৃত্যু হয়।
পূর্বকোণ/পিআর
















