চট্টগ্রাম সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চন্দনাইশে শয়নকক্ষ থেকে বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার

চন্দনাইশে শয়নকক্ষ থেকে বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার

চন্দনাইশ সংবাদদাতা

২৭ জুলাই, ২০২৬ | ১১:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া নগরপাড়া এলাকায় নিজ শয়নকক্ষ থেকে আব্দুর রহমান প্রকাশ দানু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (২৭ জুলাই) প্রতিবেশীরা তার ঘর থেকে দুর্গন্ধ পেয়ে ভেতরে প্রবেশ করলে গলিত লাশটি দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। মৃত আব্দুর রহমান ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহমান দীর্ঘ ৪০ বছর ধরে দুবাইয়ে প্রবাসী জীবন অতিবাহিত করেছেন। তার স্ত্রী, তিন ছেলে এবং বড় ছেলের স্ত্রীও সেখানে অবস্থান করেন। ৯ মাস আগে দ্বিতীয় ছেলেকে বিয়ে করানোর উদ্দেশ্যে তিনি দেশে ফিরে আসেন এবং তখন থেকেই নিজ বাড়িতে একাকী বসবাস করছিলেন।

 

স্থানীয়দের বরাতে জানা যায়, একাকী জীবনে তাকে তার চাচাতো ভাইয়ের স্ত্রী রান্না করে খাওয়াতেন। কিন্তু ওই নারীর সাথে আব্দুর রহমানের অবৈধ সম্পর্ক জানাজানি হলে গত মার্চ মাসের শেষ দিকে তার চাচাতো ভাই স্ত্রীকে তালাক দেন। এই ঘটনার পর থেকে তিনি সামাজিকভাবে একা হয়ে পড়েন এবং প্রতিবেশীরা তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। সর্বশেষ গত শুক্রবার তাকে স্থানীয় মসজিদে নামাজ পড়তে দেখা গিয়েছিল, এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার জানিয়েছেন, মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, উদ্ধারের ৪ থেকে ৫ দিন আগেই তার মৃত্যু হয়েছে। দরজা খোলা অবস্থায় শয়নকক্ষে তার এই মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট