মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করা এবং হ্রদের পরিবেশগত ভারসাম্য রক্ষায় কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর চলমান তিন মাসের নিষেধাজ্ঞা আরও ১০ দিন বাড়ানো হয়েছে।
সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হ্রদে মাছ ধরা ও বিপণন কার্যক্রম পরিচালনার বিষয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন-বিএফডিসির রাঙামাটির ব্যবস্থাপক ফয়েজ আল করিম।
রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফির সভাপতিত্বে সভায় ফায়েজ আল করিম ছাড়াও জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, জেলা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হায়দার হোসেন এবং মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
ফয়েজ আল করিম বলেন, ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির স্তর বাড়লেও মাছের কাঙ্ক্ষিত বৃদ্ধি ঘটেনি। তাই মাছের বেড়ে ওঠার সুযোগ দিতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরও ১০ দিন বাড়ানো হয়েছে।
১০ অগাস্ট মধ্যরাত থেকে মাছ ধরার কার্যক্রম পুনরায় শুরু হবে এবং ১১ অগাস্ট সকাল থেকে ধরা পড়া মাছ অবতরণের কাজ শুরু হবে বলে জানান বিএফডিসির এই কর্মকর্তা।
কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত ও সুষম বৃদ্ধির লক্ষে ২৫ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য মাছ শিকার বন্ধের নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে মাছের আকার বৃদ্ধি না পাওয়ায় কারণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
পূর্বকোণ/রেহেনুমা /পারভেজ















