কক্সবাজার শহরের সমিতিপাড়ায় চাঞ্চল্যকর সেলুন কর্মী কিশোর সুকান্ত দে (১৫) হত্যা মামলার ৪ নম্বর এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি বাপ্পিকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
রবিবার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাপ্পি কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ার (বাগান পাড়া) বাসিন্দা মঞ্জুর আলমের ছেলে।
মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সমিতি পাড়ার একটি সেলুনে কর্মরত কিশোর সুকান্ত দে দোকান থেকে বাইরে বের হলে আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আ. ম. ফারুক জানান, সেলুন কর্মী সুকান্ত দে হত্যা মামলার ৪ নম্বর আসামি বাপ্পিকে গতকাল রবিবার রাতে টার্মিনাল এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। আসামিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/পিআর















