চট্টগ্রাম রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

রাউজানে ইটভাটা দখল নিয়ে সংঘর্ষ: কুপিয়ে পিটিয়ে আহত ৫

রাউজানে ইটভাটা দখল নিয়ে সংঘর্ষ: কুপিয়ে পিটিয়ে আহত ৫

রাউজান সংবাদদাতা

২৬ জুলাই, ২০২৬ | ১০:৪৯ অপরাহ্ণ

রাউজানের ডাবুয়া ইউনিয়নের মেলুয়া এলাকায় ইটভাটা দখলকে কেন্দ্র করে হামলা ও মারামারির ঘটনায় এক পক্ষের ৫ জন আহত হয়েছেন।

 

রবিবার (২৬ জুলাই) বিকেলে বর্তমান এমবিএম (পূর্বের ডিএনসি) নামক ইটভাটায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ও সূত্র মতে, ইটভাটা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ বাধে, যেখানে উভয় পক্ষই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী হিসেবে পরিচিত।

 

হামলায় আহতরা হলেন— আবদুল খালেক কোম্পানী, সেলিম কোম্পানী, জসিম কোম্পানী, মিজান ও টিপু। এদের মধ্যে খালেক, সেলিম ও জসিমকে কুপিয়ে জখম করা হলে তাদের প্রথমে রাউজান উপজেলা হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সাব্বির ও টিপুকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে।

 

পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা জসিম উদ্দিন অভিযোগ করেন যে, তিনিসহ কয়েকজন অংশীদার মিলে ডিএনসি ইটভাটাটি ডাবুরয়ার ফরিদ মিয়াসহ কয়েকজনের কাছে ভাড়া দিয়েছিলেন। কিন্তু ভাড়ার ২০ লাখ টাকা বকেয়া থাকায় রবিবার তারা ব্রিক ফিল্ডে গেলে ভাড়াটিয়া পক্ষ তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

 

অন্যদিকে, অপর পক্ষ তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ অস্বীকার করেছে। সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া ও আজিজুল হক দাবি করেন, তারা সরকারি ভ্যাট ও ট্যাক্স দিয়ে বৈধভাবে জমি ভাড়া নিয়ে ব্যবসা করছেন। তাদের দাবি, খালেক কোম্পানী ও তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে অবৈধভাবে ইটভাটা দখল করতে আসলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। তারা কুপিয়ে জখম করার বিষয়টিকে অপপ্রচার এবং তাদের ফাঁসানোর ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় ইতিমধ্যেই ৪-৫ জনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান যে, ভুক্তভোগীরা থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন এবং তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট