চট্টগ্রামের হাটহাজারীর বড়দীঘির পাড় সংলগ্ন ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ভাটিয়ারী লিংক রোড এলাকায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০ তলা ভবনে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে হামলার ঘটনা ঘটেছে।
চাঁদার টাকা না পেয়ে রবিবার (২৬ জুলাই) সকালে মুখে মাস্ক পরা একদল সন্ত্রাসী এই হামলা চালায়।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার বড়দীঘির পাড় এলাকার পাইকারি চাল ও চিনি ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন ওই ১০ তলা ভবনটি নির্মাণ করছিলেন।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, বিগত এক মাস ধরে বিদেশি ফোন নম্বর থেকে কল করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। কিছুদিন বন্ধ থাকার পর এক সপ্তাহ ধরে পুনরায় চাঁদার জন্য চাপ দেওয়া শুরু হয়। বিষয়টি নিয়ে তিনি আগেই হাটহাজারী মডেল থানা পুলিশকে অবহিত করেছিলেন।
রবিবার সকালে সন্ত্রাসীরা হামলা চালিয়ে নির্মাণশ্রমিক ও প্রহরীদের মারধর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা তিনটি ককটেল নিক্ষেপ করে, যার বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য দেখা গেছে। আসামিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ শুরু করেছে। এই ঘটনায় ব্যবসায়ী জসিম উদ্দিন মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ












