চট্টগ্রাম রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

জঙ্গল সলিমপুর পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ, পাঠানো হলো পরীক্ষাগারে

জঙ্গল সলিমপুর পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ, পাঠানো হলো পরীক্ষাগারে

২৬ জুলাই, ২০২৬ | ৫:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় পুলিশ ফাঁড়ির পানিতে কৌশলে বিষ মেশানো হয়েছে বলে অভিযোগ।

 

রবিবার (২৬ জুলাই) সকালে পানিতে ফেনা ও দুর্গন্ধ থেকে বিষ আছে বলে ধারণা করেন সংশ্লিষ্টরা। খবর পেয়ে উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়।

জানা গেছে, উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়ির সদস্যরা যে পানি পান করেন রবিবার সকালে সে পানি গ্লাসে নেবার পর তাতে সাদা ফেনা এবং বিষাক্ত গন্ধ পাওয়া যায়। এতে উদ্বিগ্ন হয়ে পুলিশ সদস্যরা পানি পান না করায় কারো কোন বিপদ ঘটেনি। তবে তারা কর্তৃপক্ষকে অবগত করলে সীতাকুণ্ড থানার ওসিসহ চট্টগ্রামের উর্দ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

জানতে চাইলে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ঘটনাটি আমিও শুনেছি। সেখানে ওসি স্যার গেছেন। শুনেছি পানি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে কে বা কারা পানিতে এরকম বিষ মেশাতে পারেন তা তিনি জানেন না। এসব বিষয়ে ঘটনাস্থলে যারা আছেন তারা হয়তো কিছু বলতে পারবেন।

কিন্তু এ বিষয়ে জানতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলামকে ফোন করেও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে ভূমিদস্যুমুক্ত করতে প্রশাসনের নানামুখী অভিযানকে বাধাগ্রস্ত করতে ভূমিদস্যুরা বারবার নানান ষড়যন্ত্র করে আসছে। কিছুদিন আগেও সেখানে র‌্যাবের ক্যাম্পে গুলি চালানোসহ স্থাপনা ভেঙে দেয়া হয়। এছাড়া নানান উপায়ে সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সরিয়ে দেবার চেষ্টা পরিলক্ষিত হয়েছে। এতে প্রশাসন বিশেষ নজরদারি রাখলেও বন্ধ হয়নি ষড়যন্ত্র।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট