চট্টগ্রাম রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে যুবক খুন: জানাজা শেষে অভিযুক্তকে পিটিয়ে হত্যা, ঘরবাড়িতে আগুন
বামে খুন হওয়া কিশোর নাঈম (১৫), ডানে গ্রামবাসীর পিটুনিতে নিহত নুরুল ইসলাম ইরান (৪৫)।

সীতাকুণ্ডে যুবক খুন: জানাজা শেষে অভিযুক্তকে পিটিয়ে হত্যা, ঘরবাড়িতে আগুন

২৬ জুলাই, ২০২৬ | ১:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যায় অভিযুক্ত নুরুল ইসলাম ইরানকে (৪৫) হত্যা করে তার বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে ক্ষুব্ধ গ্রামবাসীরা। নিহত ইরান ওই এলাকার নুরুল হকের ছেলে ও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

শনিবার (২৫ জুলাই) রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ ভাটেরখীল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর নুরুল ইসলাম ইরানের কিছু ইয়াবা তার ব্যবসায়ীক পার্টনার হারিয়ে ফেলে। এগুলো খোঁজাখুঁজি শুরু করলে পার্টনার জানায়, ইয়াবাগুলো এলাকার কিশোর নাঈম ও ইমরানের কাছে আছে। এতে ক্ষিপ্ত হয়ে ইরান তার দলবল নিয়ে গত ২০ জুলাই রাতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে নাঈম ও ইমরানকে ব্যাপক অত্যাচার শুরু করে। নাঈমকে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে চামড়া তুলে, নখ তুলে আঘাত করে আধমরা অবস্থায় নিজ বাড়ির সামনে ফেলে চলে যায়। একই সময়ে ইমরানকে মারতে থাকলে তার বাড়ির লোকজন ইরানের কাছে ৩০ হাজার টাকায় তাকে ছাড়িয়ে নেয়। পরে আহত অবস্থায় নাঈম ও ইমরান হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ জুলাই বিকেলে চিকিৎসাধীন অবস্থায় নাঈমের মৃত্যু হয়।

 

গতকাল শনিবার বিকেল ৫টায় নাঈমের জানাজায় মাইকে গ্রামবাসীরা ঘোষণা করে যে, এরকম অত্যাচার তারা মেনে নেবে না। এসময় ইরানকে পাল্টা হুমকি দিলে ইরান কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এতে এলাকাবাসী আরো ক্ষিপ্ত হলে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের মানুষ একত্রিত হয়ে ইরানকে খুঁজে বের করে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টা পর্যন্ত তার ১০-১২টি আস্তানা গুড়িয়ে দিয়ে তার বাড়িঘরও জ্বালিয়ে দেয়।

 

নিহত নাঈমের চাচা মো.ফারুক জানান, নাঈম খুবই দরিদ্র পরিবারের ছেলে। কিন্তু ভালো ছেলে। ইরান নাঈম ও এমরানকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার শুরু করে। অত্যাচারে গুরুতর আহত হলে নাঈমকে বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়।

 

অন্যদিকে ৩০ হাজার টাকার বিনিময়ে ইরানের হাত থেকে এমরানকে উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় এমরানের মৃত্যু হয় বলে জানান তার মা হাসিনা বেগম।

 

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘নাঈম হত্যার ঘটনায় শনিবার থানায় একটি মামলা হয়েছে। এরপর নাঈমের জানাজা শেষে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ইরানকে হত্যা করে তার বাড়ি পুড়িয়ে দিয়েছে। এছাড়া তার আস্তানা হিসেবে ব্যবহৃত হতো এমন ১০-১২টি ঘর ভেঙে গুড়িয়ে দেয়।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট