কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) একটি বিশেষ টহল দল এই বিপুল পরিমাণ মাদক জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার আনুমানিক বিকাল ৪টা ৪০ মিনিটে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বালুখালী বিওপির একটি দল আনজুমানপাড়া গ্রামের লালুর ঘের নামক স্থানে অবস্থান নেয়। এ সময় মিয়ানমার সীমান্ত থেকে তিনজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সাথে থাকা তিনটি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পলিথিন ব্যাগগুলোর ভেতর থেকে খাকী রঙের প্যাকেটে মোড়ানো ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে ওই এলাকায় দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
শনিবার (২৫ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদক সরবরাহকারী এবং এই চক্রের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ















