চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ আলমগীর (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত আলমগীর উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মীর পাড়া এলাকার মাওলানা আব্দুস সবুরের ছেলে।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার সদর এলাকার নতুন সাউন্ড হেলথ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আবদুল্লাহ আল নোমান জানান, আলমগীরের স্ত্রী চিকিৎসার জন্য নতুন সাউন্ড হেলথ হাসপাতালে এসেছিলেন। খবর পেয়ে স্ত্রীকে দেখতে তিনি মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় কক্সবাজারগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে যান। ঠিক তখনই পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত আলমগীরকে উদ্ধার করে নতুন সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর















