চট্টগ্রাম শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

পটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

পটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

পটিয়া সংবাদদাতা

২৫ জুলাই, ২০২৬ | ৪:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় মধ্যরাতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ থেকে ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। 

 

শুক্রবার (২৪ জুলাই) মধ্যরাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদন্ডী গ্রামের প্রবাসী প্রবাসী আলী আব্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। 

 

ভুক্তভোগী প্রবাসী আলী আব্বাস জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ অস্ত্রধারী ডাকাতদল তার বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা প্রথমে তাকে মাথায় অস্ত্র ঠেকিয়ে একটি কক্ষে নিয়ে যায় এবং কয়েকজন তাকে পাহারায় রেখে অন্যরা ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়।

এ সময় তারা তার স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে আলমিরা ভেঙে নগদ ৩০ থেকে ৩৫ হাজার টাকা এবং স্বর্ণালংকার লুট করে। একপর্যায়ে ডাকাতরা তার ছেলের কক্ষে ঢুকে তাকে অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে মারধর করে এবং তার কাছ থেকেও স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

ডাকাতি শেষে তারা একটি হাইস মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাদের ধাওয়া দেন। এ সময় ডাকাতদল আতঙ্ক সৃষ্টি করতে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

জঙ্গলখাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন বকুল বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং তাৎক্ষণিকভাবে থানার ওসিকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন  করেছি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট