চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুরে এক ঋনগ্রস্ত কৃষকের গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে হাশিমপুরের পূর্ব ছৈয়দাবাদ এলাকায় মো. মোস্তাক মিয়ার গোয়াল ঘরে এই ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে একটি দুধেল গাভী পুড়ে মারা গেছে এবং আরও ৬টি গরু গুরুতর দগ্ধ হয়েছে।
ভুক্তভোগী মোস্তাক মিয়া জানান, গভীর রাতে গোয়াল ঘরে আগুন জ্বলতে দেখে তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তার ৮৫ হাজার টাকা মূল্যের একটি দুধেল গাভী মারা যায়। এছাড়া দগ্ধ হওয়া গরুগুলোর মধ্যে রয়েছে লক্ষাধিক টাকা মূল্যের বাচ্চাসহ দুধেল গাভী, ৮০ হাজার টাকা মূল্যের গর্ভবতী গাভী, ১৫ হাজার টাকা মূল্যের বাছুর এবং ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের আরও দুটি গাভী। মোস্তাক মিয়ার দাবি, এই অগ্নিকাণ্ডে তার ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এবং আহত ৬টি গরুর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
কান্নাজড়িত কণ্ঠে মোস্তাক মিয়া বলেন, “কারো সাথে শত্রুতা থাকলে নিরীহ গরুর ওপর কেন এই প্রতিশোধ নিল? এর বিচার আল্লাহ করবেন”। তিনি আরও জানান, ৪টি এনজিও থেকে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা ঋণ নিয়ে তিনি এই গরুগুলো কিনেছিলেন। দুধ বিক্রির টাকা থেকে তাকে প্রতি সপ্তাহে ৬ হাজার টাকা কিস্তি দিতে হয়। এখন গরুগুলো পুড়ে যাওয়ায় এবং দুধ সংগ্রহ করতে না পারায় তার কিস্তি চালানো অসম্ভব হয়ে পড়বে। দগ্ধ গরুগুলোকে স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন।
ঘটনার পরদিন আজ ২৪ জুলাই সকালে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
পূর্বকোণ/সিজান/পারভেজ















