চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাঠে খেলার সময় গাছের শুকনো ডাল ভেঙে পড়ে নিশিত সেন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৩টায় উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া ১ নম্বর ওয়ার্ডের কালী মন্দিরসংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিশিত সেন পারুয়া এলাকার রাজারহাটের পান ব্যবসায়ী খোকন সেনের ছেলে। আজ সন্ধ্যা ৬টায় স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য করা হয় বলে নিশ্চিত করেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, কালী মন্দিরসংলগ্ন মাঠে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল নিশিত। এ সময় মাঠের পাশে থাকা একটি রেইনট্রি গাছের বড় শুকনো ডাল হঠাৎ ভেঙে নিচে পড়ে। অন্য শিশুরা দ্রুত সরে যেতে পারলেও নিশিত সরে যেতে পারেনি। ডালটি তার মাথার ওপর পড়ে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এবিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য বলেন, “ খেলার মাঠের পাশে একটি রেইনট্রি গাছ রয়েছে, যেখানে শিশুরা নিয়মিত খেলাধুলা করে। গাছটিতে আগে থেকেই বড় একটি শুকনো ডাল ছিল। টানা ভারী বৃষ্টিতে ডালটি দুর্বল হয়ে যাওয়ায় বৃষ্টির মধ্যেই খেলাধুলার সময় সেটি ভেঙে পড়ে। অন্য শিশুরা সরে যেতে পারলেও নিশিতের মাথার ওপর ডালটি পড়ে, এতে সে গুরুতর আহত হয়ে মারা যায়।”
এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
পূর্বকোণ/সিজান/পারভেজ















