চট্টগ্রাম শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ইয়াবা ও অটোরিকশাসহ চালক গ্রেপ্তার

টেকনাফে ইয়াবা ও অটোরিকশাসহ চালক গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

২৪ জুলাই, ২০২৬ | ৭:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পেট ও দুই পায়ে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচানো ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার  করেছে র‌্যাব। এ সময় ইয়াবা বহনকারী সিএনজিচালিত অটোরিকশাসহ চালককেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিএনজি (অটোরিকশা) চালক মো. আব্দুল হোসেন (৫৩) উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল ৬ নম্বর ওয়ার্ডের মৃত জালাল উদ্দিনের ছেলে।

 

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে র‌্যাব-১৫ মিডিয়া অফিসার আ.ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া মেরিন ড্রাইভ রোডস্থ ইসমাইল স্টোরের সামনে পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে সংকেত দিয়ে থামানো হয়। সিএনজি চালককে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে উপস্থিত লোকজনের সামনে তার পেটের অংশ ও দুই পায়ে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচানো ৬টি প্যাকেটে ১২০টি বায়ুরোধক নীল জিপার পলি ব্যাগ থেকে সর্বমোট ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসাথে মাদক বহনের দায়ে গাড়িটিও জব্দ করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মো আব্দুল হোসেন (৫৩) দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজার জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেন। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট