চট্টগ্রাম শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে জোড়া তক্ষকসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

মিরসরাইয়ে জোড়া তক্ষকসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

মিরসরাই সংবাদদাতা

২৪ জুলাই, ২০২৬ | ৬:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে দুটি তক্ষকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ৩টায় উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গুচ্ছবিল এলাকার মো. মামুন হোসেন প্রকাশ ইমন (৩৭) এবং একই উপজেলার গবমারা এলাকার আচই মারমার ছেলে ঞোলাপ্রু মারমা (২৭)।

 

জানা গেছে, ঢাকায় পাচারের উদ্দেশ্যে খাগড়াছড়ির মানিকছড়ি এলাকা থেকে তক্ষকগুলো নিয়ে বারৈয়ারহাটে বাসের জন্য অপেক্ষা করছিলো। পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে ও করেরহাট রেঞ্জের সহযোগী স্টেশন কর্মকর্তা মো. কামাল হোসেনের সহযোগিতায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকার এস আলম বাসস্ট্যান্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে।

 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, গোপন তথ্যে জানতে পারি দুটি তক্ষক নিয়ে রাত ৩ টার দিকে ঢাকায় যাওয়ার জন্য বারৈয়ারহাট বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলো তারা। পরে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে দুটি তক্ষক উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট