চট্টগ্রাম শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সেনাবাহিনীর স্টিকার লাগিয়ে ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা পাচারের চেষ্টা, পুলিশের হাতে ধরা

কক্সবাজার প্রতিনিধি

২৪ জুলাই, ২০২৬ | ২:৩৯ অপরাহ্ণ

কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার জিপে তল্লাশি চালিয়ে ২৮ হাজার ইয়াবাসহ মো. ওবায়দুল হাসান (৪১) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওবায়দুল হাসান সেনাবাহিনীর সাবেক ল্যান্স কর্পোরাল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঝিলংজা ইউনিয়নের বাস টার্মিনালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওবায়দুল হাসান বগুড়ার সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগুপাড়া (মন্ডলবাড়ি) এলাকার মৃত দেলোয়ার রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের একটি বড় চালান পাচারের সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি ল্যান্ড ক্রুজার জিপ (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা-মেট্রো-ঘ-২১-৩২২৩) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়ি থেকে ২৮ হাজার ইয়াবা জব্দ এবং পাচারে ব্যবহৃত বিলাসবহুল জিপসহ ওবায়দুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তার ব্যক্তি সাবেক ল্যান্স কর্পোরাল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইয়াবার এই বড় চালানটি কোথায় সরবরাহ করা হচ্ছিল এবং এর সাথে অন্য কোনো সিন্ডিকেট জড়িত আছে কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্বকোণ/এরফান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট