চট্টগ্রামের ফটিকছড়িতে এক সড়ক দুর্ঘটনায় মহিন উদ্দিন প্রকাশ মহিন বাবু (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিন বাবু নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের দায়েম মিয়াজি বাড়ির মরহুম ইসহাক (প্রকাশ গরম সাহেব) এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহিন বাবু ফটিকছড়ির একজন কৃতী ফুটবলার (গোলরক্ষক) হিসেবে এলাকায় অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি ছিলেন। ঘটনার সময় তার এক পরিচিত ব্যক্তি বাসা পরিবর্তনের মালামাল পিকআপে করে নিয়ে যাচ্ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাড়িটি থামলে মহিন বাবু ওই ব্যক্তির সাথে কথা বলছিলেন। কথা শেষ করে চালক যখন গাড়িটি ছাড়েন, তখন মহিন বাবু হঠাৎ পিছলে গিয়ে গাড়ির নিচে পড়ে যান। চালক বিষয়টি খেয়াল না করে গাড়ি চালিয়ে দিলে তিনি চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাকার নিচে পিষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে বলে তিনি জানিয়েছেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ















