কক্সবাজারের টেকনাফে জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক পাচারের সময় মো. হাশিম (৫৬) নামে এক ব্যক্তিকে ৪৮ ক্যান হান্টার বিয়ারসহ গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক হাশিম টেকনাফ পৌরসভার কলেজ পাড়া এলাকার বাসিন্দা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে টেকনাফগামী ‘পালকি পরিবহন’ নামক একটি যাত্রীবাহী বাসে নিয়মিত তল্লাশি চালায় বিজিবি। এ সময় বাসের পেছনের আসনে বসা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তার সাথে থাকা কালো ব্যাগটি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ব্যাগ থেকে ৪৮ ক্যান হান্টার বিয়ার উদ্ধার এবং অবৈধ মাদক বহনের দায়ে তাকে আটক করা হয়।
তদন্তে জানা যায়, আটক হাশিম আগেও হান্টার বিয়ার বহনের দায়ে বিজিবির হাতে গ্রেপ্তার হয়েছিলেন এবং বর্তমানে তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। জামিনে বেরিয়ে তিনি আবারও একই অপরাধে লিপ্ত হন।
আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















