কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ একটি প্রাইভেট কারের মালিক ও চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ব্যক্তির নাম ওমর ফারুক রাসেল (৪১)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া থানার চান্দিরপাড়া গ্রামের মোস্তাক আহমদের পুত্র।
বিজিবি সূত্র জানায়, মাদকের একটি বড় চালান নিয়ে গাড়ির মালিক নিজে ড্রাইভ করে টেকনাফ থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি সাদা রঙের প্রাইভেট কার (চট্র মেট্রো-গ ১২-৯৩৪১) সি-বিচ বিওপি সংলগ্ন চেকপোস্টে পৌঁছালে বিজিবির আভিযানিক দল সেটিকে থামায়। তল্লাশিকালে গাড়িটির পিছনের ট্রাঙ্ক স্পেসের ভেতরে সাইড কভারের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অবৈধ মাদক বহনের দায়ে ঘটনাস্থল থেকেই চালক ও মালিক ওমর ফারুক রাসেলকে আটক করা হয়।
অভিযানে মাদক ছাড়াও ১টি সাদা রঙের প্রাইভেট কার, ১টি অ্যান্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল ফোন, ১টি স্মার্ট ঘড়ি এবং নগদ ২ হাজার ১৮০ টাকা জব্দ করা হয়েছে। বিজিবি’র হিসাব অনুযায়ী, জব্দকৃত মালামাল ও ইয়াবার সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৪০ লক্ষ ৯ হাজার ৬৮০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া আজ ২২ জুলাই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















