খাগড়াছড়ির দীঘিনালায় আম পাড়তে গিয়ে মিতশু ত্রিপুরা (১২) নামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে তার সহপাঠীও।
গতকাল মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৭টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের নয় মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নয় মাইল জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা।
নিহত মিতশু ত্রিপুরা ওই এলাকার সুপেন ত্রিপুরার ছেলে এবং নয় মাইল জুনিয়র স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছে তার সহপাঠী বিনয় ত্রিপুরা।
প্রধান শিক্ষক তপু ত্রিপুরা জানান, মঙ্গলবার বিকালে মিতশু তার বন্ধুদের সঙ্গে খেলতে বের হয়। সন্ধ্যার দিকে খেলা শেষে বাড়ি ফেরার পথে সহপাঠী বিনয় ত্রিপুরাকে নিয়ে রাস্তার পাশের একটি আমগাছে উঠে আম পাড়তে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত গাছের একটি ডাল পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এতে মিতশু গুরুতর আহত হলে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বিনয় ত্রিপুরাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পূর্বকোণ/পিআর
















